
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পুনরায় আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তবে সফরের কোনো নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে তিনি জানিয়েছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অবশ্যই ভারত সফর করবেন। এ সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। তবে সফরের তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।
তিনি আরও জানান, জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা নেই।
প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনায় আসতে পারে। তবে সফরের চূড়ান্ত কর্মসূচি ও সূচি এখনো নির্ধারিত হয়নি।
এদিকে গত ২৯ আগস্ট ভারতে আওয়ামী লীগ নেতাদের একটি সভা পুলিশের হস্তক্ষেপে বাতিল হওয়ার ঘটনাকে বাংলাদেশ ইতিবাচকভাবে দেখছে বলেও জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে পদক্ষেপ নিয়েছে, বাংলাদেশ বিষয়টিকে ইতিবাচকভাবে নিয়েছে। ভারত থেকে বাংলাদেশে পালিয়ে আসা কিংবা বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়া অপরাধী ও দুষ্কৃতিকারীদের আশ্রয় না দেওয়ার বিষয়েও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
হুমায়ুন কবির বলেন, কোনো দেশই যেন অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত না হয়, সে জন্য দুই দেশের মধ্যে সহযোগিতা গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিমান চলাচল খাতে সম্ভাব্য সহযোগিতা এবং বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, কোনো ধরনের চাপের কারণে বাংলাদেশ বোয়িং উড়োজাহাজ কিনছে না। দেশের নিজস্ব প্রয়োজন ও ভবিষ্যৎ চাহিদা বিবেচনায় রেখেই এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যেও উড়োজাহাজ কেনার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি।